img

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে, ইরানের সঙ্গে যুদ্ধ শিগগিরই শেষ হতে পারে।  মঙ্গলবার (১৪ এপ্রিল) ফক্স নিউজে প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার মনে হয়, এটি (ইরান যুদ্ধ) প্রায় শেষের দিকে। মানে, আমি এটিকে খুব কাছাকাছি শেষ হয়ে আসা হিসেবেই দেখছি।’ খবর আল জাজিরার।

গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইলের সঙ্গে যৌথভাবে শুরু করা ইরানে এ অভিযানের পক্ষে সাফাই গেয়ে ট্রাম্প আবারও দাবি করেন, তিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধ না করলে দেশটি এখন পর্যন্ত পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলত।

তিনি বলেন, ‘আর যদি তাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকত, তাহলে আপনি সেখানকার সবাইকে ‘স্যার’ বলে সম্বোধন করতেন। আর নিশ্চয়ই সেটা আপনি করতে চাইবেন না।’   

ট্রাম্পের ধারণা, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় যে ধ্বংসযজ্ঞ হয়েছে, তা কাটিয়ে উঠতে ইরানের ২০ বছর সময় লাগতে পারে। তিনি বলেন, ‘আমরা এখনও শেষ করিনি। কী হয়, দেখা যাক। আমার মনে হয় তারা খুবই মরিয়া হয়ে একটি চুক্তি করতে চায়।’

তবে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে, যুদ্ধ শুরুর আগে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছিল—এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।

প্রসঙ্গত, ২৮ ফেব্রুয়ারি ইরানে আগ্রাসন শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। এতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। নারী ও শিশুসহ বহু মানুষের প্রাণহানি হয়েছে।

এই বিভাগের আরও খবর


সর্বশেষ